

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যারা যখন ক্ষমতায় যায়, সে দলের মন্ত্রীদের এলাকাতেই তখন উন্নয়ন বেশি হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যেসব এলাকায় ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের অবস্থান রয়েছে, সেসব এলাকায় তুলনামূলক বেশি উন্নয়ন দেখা যাচ্ছে। অথচ যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেখানে উন্নয়নের গতি অনেক কম এমন প্রশ্নও রাখেন তিনি।
শুক্রবার (৮ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধিভুক্ত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, বগুড়াকে সিটি কর্পোরেশন করা হলো, আরও পাঁচটি উপজেলা করা হলো। আমরা এর বিরোধিতা করছি না। কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি, সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যে দলের নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কি উন্নয়ন হবে না? বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলেও এখনও বাস্তবে বৈষম্য দূর হয়নি।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সরকার গণতন্ত্র ও মুক্ত ট্রেড ইউনিয়নের কথা বললেও বাস্তবে ট্রেড ইউনিয়ন সংকোচনের নীতি গ্রহণ করছে। তিনি বলেন, এখনও রেলওয়ে খাতে দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত রাখা গণতন্ত্রের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সব বিষয়ে আমরা স্বাধীন থাকব। কোনো দেশের প্রেসক্রিপশনে এদেশের মানুষ আর চলবে না।’ গোলাম পরওয়ার বলেন, ‘দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে।’ বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।