বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী গণসংযোগ জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ব্যস্ত কর্মসূচি নিয়ে কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুর সফরে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিন জেলার পৃথক নির্বাচনি জনসভায় তিনি ১১ দলীয় জোটের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

দিনের শুরুতে জামায়াত আমির কিশোরগঞ্জে পৌঁছাবেন। সকাল ১০টা ৩০ মিনিটে কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি বক্তব্য রাখবেন।

এ জনসভা থেকে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। কর্মসূচি সফল করতে জেলা জামায়াত ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রস্তুতির কথা জানিয়েছে।

কিশোরগঞ্জের কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান ময়মনসিংহে যাবেন। বেলা ১১টায় ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এই সমাবেশে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও সদর আসনের (ময়মনসিংহ-৪) প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল জানান, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সোমবার সকাল থেকেই দলীয় শীর্ষ নেতারা জনসভার মাঠ পরিদর্শন করেছেন এবং মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ময়মনসিংহের কর্মসূচি শেষ করে জামায়াত আমির সরাসরি গাজীপুরে যাবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য রাখবেন।

নির্বাচনের আগে জামায়াত আমিরের এই ধারাবাহিক সফর ও জনসভাকে ঘিরে সংশ্লিষ্ট তিন জেলায় রাজনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X