

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী। দলের সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পদটি শূন্য হয়। সেই দায়িত্বে রিজভীকেই বেছে নিয়েছে বিএনপি। ফলে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতারা বলছেন, দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা একজন সাংগঠনিক নেতার নেতৃত্বে দল আরও গতিশীল হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে ঢাকা, রাজশাহী, কুড়িগ্রাম, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্টও দিয়েছেন অনেকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই সাংগঠনিক কার্যক্রম জোরদার, স্থগিত কমিটি পুনর্গঠন করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
বিএনপির তৃণমূলের একাধীক নেতা জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত মহাসচিবের চেয়ারে একজন যোগ্য লোককেই বসিয়েছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে এটা তার প্রাপ্য। তার নেতৃত্বে বিএনপির তৃণমূল আরো সুসংগঠিত হবে। রিজভী দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের সামনের সারিতে ছিলেন। ফলে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ও গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি। এতে কর্মীদের মধ্যে নতুন আস্থা তৈরি হয়েছে।
এদিকে রোববার এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই পুনর্গঠন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানতে চাইলে নাটোর জেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম নেওয়াজ এনপিবি নিউজকে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেল জুলুম শারীরিক মানসিক এমন কোনো নির্যাতন নেই যা তার ওপর করা হয়নি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্যাতিত নেতা রুহুল কবির রিজভীকে মূল্যায়ন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করেছেন এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।’
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু এনপিবি নিউজকে বলেন, রুহুল কবির রিজভী পরীক্ষিত ত্যাগী নির্যাতিত নেতা। তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়ায় আমরা অনেক খুশি ও আনন্দিত। এজন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ছাত্র জীবন থেকেই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, গুলি খেয়েছেন পঙ্গু করেছেন জানিয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক এনপিবি নিউজকে বলেন, তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে এটা তার প্রাপ্য। এর জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে অনেক ধন্যবাদ জানাই। বিএনপি সরকার গঠন করার পরে সবাই সরকার নিয়ে ব্যস্ত থাকাতে সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। এখন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরবে বলে আমি বিশ্বাস করি।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন এনপিবি নিউজকে বলেন, রুহুল কবির রিজভী দলের একজন নিবেদিত প্রাণ। তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় দলের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি তার মত নিবেদিত মানুষকে দায়িত্ব দেওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরো বহু গুণে বৃদ্ধি পাবে।
নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এনপিবি নিউজকে বলেন, ছাত্রদল থেকে উঠে আসা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এর দায়িত্ব দেওয়ায় খুবই ভালো হয়েছে। রুহুল কবির রিজভী একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তাকে যে পদ দেয়া হয়েছে এটা তার প্রাপ্য বলেও উল্লেখ্য করেন তিনি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান এনপিবি নিউজকে বলেন, একজন যোগ্য লোককেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। রুহুল কবির রিজভী আহমেদ রাজপথের একজন পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে বিএনপি'র তৃণমূল আরো সুসংগঠিত হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একজন যোগ্য লোককেই ভারপ্রাপ্ত মহাসচিবের পদে বসিয়েছেন।


