মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রচারণা শেষে বাবা–মায়ের কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা–মায়ের কবর জিয়ারত করেন।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। প্রচারণা শুরুর আগে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

প্রচারণা চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই দিনে মোট ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এসব সভায় তিনি বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান।

এদিকে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন তারেক রহমান। এসময় তিনি বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাঁর মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ দেশের প্রকৃত মালিকানা ফিরে পাবে।

ভাষণে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে বেকার সমস্যা সমাধানে। ব্যাংক, বিমা ও পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে দেশে ও বিদেশে মোট এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন,‘ নতুন পে-স্কেল নিয়ে যারা অপেক্ষায় আছেন, সরকার গঠনের পর যথাসময়ে সেটি ঘোষণা করা হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘প্রায় ২০ কোটি মানুষের বাংলাদেশে অর্ধেকের বেশি নারী এবং বড় একটি অংশ তরুণ। নাগরিকদের শক্তিশালী না করে রাষ্ট্রকে শক্তিশালী করা সম্ভব নয়। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নই বিএনপির মূল লক্ষ্য।’

তরুণদের কর্মক্ষম জনশক্তিতে পরিণত করতে বিনামূল্যে কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি সাইবার নিরাপত্তা, ডাটা প্রসেসিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন শিল্প খাত গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করেন।

এ ছাড়া শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বোচ্চ এক বছরের জন্য ‘বেকার ভাতা’ চালুর কথা বলেন বিএনপি চেয়ারম্যান। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উচ্চ মাধ্যমিক স্তর থেকেই পাঠ্যক্রমে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X