বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচারের পতন ঘটেছে, এখন দেশ গড়তে হবে আমাদের: তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে। আমাদের সকলকে এখন একসাথে কাজ করতে হবে দেশ গড়ার জন্য।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। আমরা ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, স্বৈরাচার যারা পালিয়ে গেছে ৫ আগস্ট তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরিসহ অনেকে নির্যাতিত হয়েছে। এ মানুষগুলোর আত্মত্যাগ আমাদের যদি মূল্যায়ন করতে হয়, প্রতিদান দিতে হয় তাহলে শুধু মিটিং করলে হবে না। তাদের প্রতিবাদ ছিলো অন্যায়ের বিরুদ্ধে। যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তার বিরুদ্ধে। এ অধিকারকে যদি প্রয়োগ করতে হয়, কেড়ে নেয়া অধিকার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই ১২ তারিখে আপনাদের সোচ্চার হতে হবে। ১২ তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে তাহলে যারা আপনাদের অধিকার কেড়ে নিয়েছিলো তারা তাদের জবাব পাবে।

এসময় তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি তারা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম, বর্ণের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মূখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়।

এর আগে বিকেল ৩টায় সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভার মঞ্চে উঠেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলায় সফরে আসলেন বিএনপির চেয়ারম্যান। বিসিক শিল্প পার্কে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জানা গেছে, এই জনসভা মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X