

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমপ্রতি টানা বৃষ্টি ও এতে সৃষ্ট বন্যার মধ্যে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং পরে সাত শিক্ষককে বদলির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। তিনি বলেছেন, ‘আমাদের শিক্ষামন্ত্রী কতটা উন্মাদ এবং ইগোইস্টিক’।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে সর্বমিত্র শিক্ষামন্ত্রীকে নিয়ে এমন সমালোচনা করেন। তার এ পোস্ট ইতোমধ্যে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
পোস্টে সর্বমিত্র চাকমা দাবি করেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা বৃষ্টির পানিতে ভিজে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন। ভেজা শরীরেই তারা তিন ঘণ্টার পরীক্ষা দিয়েছেন। এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সর্বমিত্র চাকমা আরও দাবি করেন, এ ঘটনার জন্য শিক্ষামন্ত্রী প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেও পরে ওই কলেজের সাত শিক্ষককে বদলি করা হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের শিক্ষামন্ত্রী কতটা উন্মাদ এবং ইগোইস্টিক! শিক্ষামন্ত্রী সাহেব ক্ষমাও চেয়েছিলেন মন্ত্রণালয়ের এই হঠকারী সিদ্ধান্তের জন্য। কিন্তু ঠিকই তার দম্ভ আর রাগ পুষে রেখেছেন মনের মধ্যে এবং সে রাগ ফেললেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের ওপর। উক্ত প্রতিষ্ঠানের সাত শিক্ষককে বদলি করা হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘দায় শুধু শিক্ষকদের। সংশ্লিষ্ট এলাকার এমপি, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), ইউএনও, শিক্ষা কর্মকর্তা এবং সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দায় নেই। তারা একেবারেই কিছু জানতেন না। কুমিল্লায় বৃষ্টি হচ্ছে কি না, সেটাও যেন দেখার দায়িত্ব শুধু শিক্ষকদের ছিল।’