বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থার দাবি বাংলাদেশ কংগ্রেসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমবর্ধমান যৌন হয়রানি, শিশু নির্যাতন এবং শিক্ষাঙ্গনের নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস। এসব অপরাধের দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে’ মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার স্থান। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে, যা শিক্ষার্থী, অভিভাবক এবং পুরো সমাজে অনিরাপত্তা তৈরি করছে।

তিনি দল-মত নির্বিশেষে অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বলেন, একটি সভ্য রাষ্ট্র গড়তে হলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি শুধু ব্যক্তিগত অপরাধ নয়, এটি জাতির ভবিষ্যতের ওপর আঘাত। তাই আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে প্রভাবশালী মহলের কারণে অপরাধীরা পার পেয়ে যায়, আর ভুক্তভোগী ও তাদের পরিবার সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতি বন্ধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর অভিযোগ গ্রহণব্যবস্থা, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি, সিসিটিভি পর্যবেক্ষণ, শিক্ষকদের আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং শিশু সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেস ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমীন শাহীন। সঞ্চালনা করেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু। এতে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূঁইয়া রিপন, দপ্তর সম্পাদক মো. তুষার রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে সরকার, শিক্ষা প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানকে শিশু ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশে পরিণত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, একটি নিরাপদ শিক্ষাঙ্গনই পারে একটি সুস্থ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে। তাই শিশু নির্যাতন ও যৌন হয়রানির বিরুদ্ধে এখনই সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup