বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় হয়রানি রোধে সরকারের কার্যক্রম আরও দৃশ্যমান করার আহ্বান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৫:১৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ ও হয়রানি কমাতে সরকারের কার্যক্রম আরও দৃশ্যমান ও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

ইউনুস আহমদ বলেন, ঢাকা-কেন্দ্রিক অর্থনৈতিক বিকাশ, পারিবারিক বন্ধন ও সাংস্কৃতিক কারণে ঈদে লাখো মানুষ বাড়ি ফেরেন। মানুষের এই ঘরে ফেরা সামাজিক সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতেও তারল্যের প্রবাহ বাড়ায়। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতায় প্রতিবছর ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হচ্ছে।

তিনি বলেন, ‘দুর্ঘটনা, বাড়তি ভাড়া আদায়, যানজট ও বিশৃঙ্খলা যেন এখন ঈদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গতকালও মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন মানুষ মারা গেছে। কোথাও কোথাও তিন থেকে চারগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মানুষ কাঙ্ক্ষিত পরিবহনে উঠতে পারছে না।’

সরকারের উদ্দেশে ইউনুস বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনের কার্যক্রম আরও দৃশ্যমান করুন। পরিবহন মালিকদের স্বার্থ না দেখে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিন।’

পোশাকশ্রমিকদের দুর্ভোগের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শ্রমিকদের বেতন-বোনাস কম, অনেকেই সময়মতো বেতন পান না। আবার একসঙ্গে ছুটি হওয়ায় বাড়ি ফেরার সময় দুই থেকে তিনগুণ বেশি ভাড়া গুনতে হয়। এতে তাদের উপার্জিত অর্থের বড় অংশ পথেই খরচ হয়ে যায়। বাড়তি খরচ এড়াতে অনেক শ্রমিক ঝুঁকিপূর্ণ ও অপ্রচলিত যানবাহন ব্যবহার করেন, যা দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।’

সামগ্রিকভাবে ঈদযাত্রা এখন বহুমাত্রিক অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতীকে পরিণত হয়েছে, যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। ঈদযাত্রা নিরাপদ, সহজ ও আনন্দময় করতে পরিবহন খাতে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যকর প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন