সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত
expand
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশন শুরুরর আগে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদের গণসংযোগ শাখার (অধিশাখা-২) সহকারী পরিচালক মো: জয়নাল আবেদীন স্বাক্ষরিক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বৈঠকে সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষ করে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ‘প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর অব পার্লামেন্ট’ শীর্ষক গুরুত্বপূর্ণ বইটি বাংলায় অনুবাদ করার বিষয়ে কমিটি জোরালো সুপারিশ করেছে। সংসদে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দাবলী যেমন, দিনের কর্মসূচি, মুলতবী প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, কোরাম এবং ওয়াকআউটসহ বিভিন্ন পরিভাষা সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করতে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত ‘সংসদে কতিপয় বহুল ব্যবহৃত শব্দ’ শীর্ষক তথ্যপত্রটি সংসদ অধিবেশন চলাকালীন টেবিলে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ প্রদান করে।

বৈঠকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে দুটি পৃথক সাব-কমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্যদের নাম ও নির্বাচনী এলাকা সার্চ করে যাবতীয় তথ্য সহজে পাওয়ার জন্য একটি ডাটাবেজ তৈরির লক্ষ্যে হুমাম কাদের চৌধুরীকে আহ্বায়ক এবং মীর আহমাদ বিনকাসেমকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

ইউএনডিপি প্রজেক্ট থেকে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত বাজেট যাচাই-বাছাই করার উদ্দেশ্যে এ বি এম মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য করে আরও একটি সাব-কমিটি গঠন করা হয়। বৈঠকের শুরুতে কমিটির সভাপতি আলোচ্য সূচি পাঠ করেন।

এসময় জাতীয় সংসদের গ্রন্থাগার পরিচিতির ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন