

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এনফোর্সমেন্ট অভিযানে প্রকল্পের একাধিক কাজে অনিয়ম ও সংশ্লিষ্ট নথিপত্রে অসংগতি পাওয়া গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এর বাস্তবায়নাধীন কাজের ক্ষেত্রে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। অভিযানের সময় প্রকল্পের বিভিন্ন নথিপত্র, বিল ও কাজের তথ্য যাচাই করা হয়।
দেখা গেছে, প্রকল্পের ‘ডব্লিউ-১’ প্যাকেজের আওতায় কয়েকটি কাজের কোনো ভৌত অস্তিত্ব পাওয়া যায়নি। আবার কিছু কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারের সাইট পরিদর্শন বা কাজের পরিমাপসংক্রান্ত নথি, বিশেষ করে মেজারমেন্ট বুক (এমবি), পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, প্রকল্পের কয়েকটি প্যাকেজের কাজ বাস্তবে সম্পন্ন না হলেও ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধানে প্রায় ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা বিল পরিশোধের তথ্য পাওয়া গেছে।
দুদক জানায়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ’ প্রকল্পের মূল কাজের পাশাপাশি আটটি প্যাকেজের কাজ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের কার্যক্রম যাচাই করা হচ্ছে। অভিযানকালে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে।
এনফোর্সমেন্ট টিমের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

