রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
ফাইল ছবি
expand

নবম জাতীয় পে-স্কেলকে সামনে রেখে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিরা বেশি সুবিধা পাবেন। নতুন কাঠামোয় কারও নিট পেনশন সর্বোচ্চ দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে।

তবে পেনশন বাড়ানোর ক্ষেত্রে সবার জন্য একই হার নির্ধারণ করা হয়নি। বর্তমান নিট পেনশনের পরিমাণ যত কম, বৃদ্ধির হার তত বেশি রাখা হয়েছে। অন্যদিকে বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম।

মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান নিট পেনশনের ভিত্তিতে পাঁচটি স্তরে নতুন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধির হার ১০০ শতাংশ। অর্থাৎ, ৯ হাজার টাকা পেনশন হলে নতুন পরিমাণ দাঁড়াবে ১৮ হাজার টাকা।

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য বৃদ্ধি হবে ৭৫ শতাংশ। ফলে ২০ হাজার টাকা পেনশন পাওয়া কেউ পাবেন ৩৫ হাজার টাকা।

এর পরের ধাপে ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৬৫ শতাংশ। সে হিসাবে ৩০ হাজার টাকা পেনশন হলে নতুন পেনশনের পরিমাণ হবে ৪৯ হাজার ৫০০ টাকা।

৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে ৬০ শতাংশ বৃদ্ধির হার। অর্থাৎ, ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তির মাসিক নিট পেনশন বেড়ে দাঁড়াবে ৬৪ হাজার টাকা।

আর যাদের বর্তমান নিট পেনশন ৪০ হাজার ১ টাকা বা এর বেশি, তাদের জন্য বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ।

নতুন এই কাঠামোয় তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের বেশি হারে সুবিধা দেওয়ার নীতি অনুসরণ করা হয়েছে। ফলে পেনশনের পরিমাণের ওপর ভিত্তি করে বাড়তি অর্থ পাওয়ার ক্ষেত্রে ভিন্নতা থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank