রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
expand

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে আজ শপথ পড়ানো হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর আগে ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।

জানা যায়, নাজমুজ্জামান ভূঁইয়ার শিক্ষকতা জীবনের শুরু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি)। ২০০২ সালের ১৪ জানুয়ারি থেকে ২০০৩ সালের ২৮ অক্টোবর পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা করেন।

এরপর ২০০৩ সালের ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তার একাডেমিক ও পেশাগত জীবনে বিভিন্ন দায়িত্ব যুক্ত হয়েছে। ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৩১ আগস্ট পর্যন্ত লন্ডনে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন অব দ্য ইউনাইটেড কিংডমের আঞ্চলিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, বাংলাদেশের (আইউবি)-এর স্কুল অব ল-এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি করেছেন নাজমুজ্জামান ভূঁইয়া। ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় তিনি এই ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডির বিষয় ছিল মিডিয়া আইন।

আন্তর্জাতিক আইন নিয়েও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। নাজমুজ্জামান ভূঁইয়া এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাহী পরিষদের সদস্য। একই সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank