সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুম প্রতিরোধে স্বাধীন তদন্ত সংস্থা চায় খেলাফত মজলিস

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ বাতিল না করে তা আইনে পরিণত করা এবং গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা গঠনের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার এক বিবৃতিতে এ দাবি জানান দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বিবৃতিতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করে তাঁদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।

খেলাফত মজলিসের নেতারা অভিযোগ করেন, বিএনপি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ বাতিল করে গুমের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দিতে চায়।

তাঁরা বলেন, মূল অধ্যাদেশে গুমের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মৃত্যুদণ্ডসহ কঠোর কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। তবে ২০২৬ সালের প্রস্তাবিত বিলে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

তাঁদের দাবি, মূল অধ্যাদেশে গুমের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও প্রস্তাবিত বিলে সাধারণ দায়রা জজ আদালতে বিচার সম্পন্ন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে মূল অধ্যাদেশে গুমকে ‘চলমান অপরাধ’ হিসেবে চিহ্নিত করা এবং গোপন আটক কেন্দ্র স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে রাখা হয়েছিল। নতুন বিলে গুমের সংজ্ঞাও সীমিত করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

খেলাফত মজলিসের নেতারা বলেন, সরকারের প্রস্তাবিত বিলের মাধ্যমে কার্যকরভাবে গুম প্রতিরোধ সম্ভব নয়। তাই বাতিল হওয়া গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ পুনর্বহাল করে তা আইনে পরিণত করতে হবে।

পাশাপাশি গুমের অভিযোগ তদন্তের জন্য পৃথক, স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী তদন্ত সংস্থা গঠনেরও দাবি জানান তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, গুমের শিকার নিরপরাধ ব্যক্তিদের স্মরণ এবং তাঁদের স্বজনদের ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর আইন ও স্বাধীন তদন্তব্যবস্থা জরুরি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন