

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে উন্নয়ন প্রকল্পে শত শত কোটি টাকা বরাদ্দের কোনো অর্থই খরচ করতে পারেনি সরকারের ১০টি মন্ত্রণালয় ও বিভাগ। এসব মন্ত্রণালয় ও বিভাগে জুলাই শেষে উন্নয়ন ব্যয়ের হিসাব শূন্য। ফলে অর্থবছরের প্রথম মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র দশমিক ৬৯ শতাংশ।
সোমবার (২৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। এতে এ চিত্র উঠে এসেছে।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপিতে মোট ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর বিপরীতে জুলাই মাসে ব্যয় হয়েছে ২ হাজার ১২১ কোটি ১৮ লাখ টাকা, যা মোট বরাদ্দের মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হারও ছিল শূন্য দশমিক ৬৯ শতাংশ। তবে ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১ দশমিক ৫ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ১ দশমিক ২৭ শতাংশ অর্থ ব্যয় হয়েছিল।
জুলাইয়ে কোনো অর্থ ব্যয় করতে না পারা ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সেতু বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের উন্নয়ন প্রকল্পের বিপরীতে বরাদ্দ রয়েছে ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বরাদ্দ ৫ হাজার ৪৯৯ কোটি ১২ লাখ টাকা। সেতু বিভাগের জন্য বরাদ্দ ২ হাজার ৫৯৭ কোটি ৬৩ লাখ টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১ হাজার ৮৬৩ কোটি ৪১ লাখ টাকা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ ১ হাজার ৩৭০ কোটি ৩ লাখ টাকা। শিল্প মন্ত্রণালয়ের বরাদ্দ ১ হাজার ২৫৯ কোটি ৮৮ লাখ টাকা এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জন্য বরাদ্দ রয়েছে ১ হাজার ১৪৪ কোটি ১৯ লাখ টাকা। এসব বরাদ্দের বিপরীতে জুলাই মাসে কোনো অর্থ ব্যয় দেখাতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।
অন্যদিকে জুলাইয়ে এডিপি বাস্তবায়নে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগের জন্য বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। জুলাইয়ে ব্যয় হয়েছে ৯৫১ কোটি ৬৫ লাখ টাকা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাদ্দের ২৬৫ কোটি ৫৭ লাখ এবং বিদ্যুৎ বিভাগ ২০৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ব্যয় করেছে ১৯২ কোটি ৫৯ লাখ টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৬৪ কোটি ৬৪ লাখ টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৮১ কোটি ৩২ লাখ টাকা অর্থ ব্যয় করেছে।
শতাংশের হিসাবে বরাদ্দের সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। সংস্থাটির জন্য বরাদ্দ রয়েছে ২৯ কোটি ৯৩ লাখ টাকা, যার মধ্যে জুলাইয়ে ব্যয় হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা। ফলে বরাদ্দের প্রায় ৭ দশমিক ৫২ শতাংশ অর্থ ব্যয় করেছে সরকারি কর্মকমিশন। সংসদ বিষয়ক সচিবালয় ব্যয় করেছে প্রায় ৬ দশমিক ৭ শতাংশ এবং মন্ত্রিপরিষদ বিভাগ ব্যয় করেছে প্রায় সাড়ে ৫ শতাংশ।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশন জুলাইয়ে তাদের উন্নয়ন বরাদ্দের প্রায় সাড়ে ৪ শতাংশ অর্থ ব্যয় করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও বরাদ্দের ৫ শতাংশের বেশি অর্থ খরচ করেছে।


