

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট।
রোববার (২৫ জুলাই) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যায়।
এর আগে বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
উদ্বোধনের আগে বিমানবন্দরের ভিআইপি কমপ্লেক্সের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে বিমানের কোনো রুট বন্ধ করার পরিকল্পনা নেই। বরং পর্যায়ক্রমে নতুন ফ্লাইট যুক্ত করা এবং বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি যোগাযোগব্যবস্থা। এই রুট পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের ক্রমবর্ধমান অংশীদারত্ব আরও শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমানে উড়োজাহাজের সংখ্যা সীমিত থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
তিনি বলেন, নতুন উড়োজাহাজ কেনা ও লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ১০টি এয়ারবাস কেনা এবং আরও ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ঢাকা–নারিতা রুট নিয়ে তিনি বলেন, এটি লোকসানের কারণে বন্ধ হয়নি। বাণিজ্যিক ও পরিচালনাগত কিছু চ্যালেঞ্জের কারণে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পর্যালোচনার পর লাভজনকভাবে পরিচালনার সম্ভাবনা বিবেচনা করেই আবার চালু করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হলে ধাপে ধাপে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।
এর আগে অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

