শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য বড় সুখবর

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তে মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিপণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে সরকার।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্র সরকার ট্রেড অ্যাক্ট, ১৯৭৪–এর সেকশন ৩০১–এর আওতায় বিশ্বের ৮৬টি দেশের প্রতিনিধিত্বকারী ৬০টি অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগের তদন্ত শেষে এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের জন্য শুল্কহার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ কারণে প্রতিযোগী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানিপণ্যের প্রতিযোগিতামূলক সুবিধা আরও বাড়বে। বিশেষ করে তৈরি পোশাক খাত এ সিদ্ধান্ত থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারে বলে মনে করছে সরকার।

নতুন শুল্কহার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় ২৪ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। এতে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্কহার নির্ধারণ করা হয়েছে।

এর মাধ্যমে আগে সেকশন ১২২–এর আওতায় কার্যকর থাকা অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের পরিবর্তে নতুন শুল্কব্যবস্থা চালু হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন এই নীতির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশীয় রপ্তানিকারকেরা তুলনামূলক বাড়তি সুবিধা পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন