

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন, লজিস্টিকস এবং বন্দর উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এর সাথে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহ এর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বন্দর অবকাঠামো উন্নয়ন, সামুদ্রিক পরিবহন, লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা ও প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
নৌপরিবহন মন্ত্রী বাংলাদেশে নৌখাতের চলমান উন্নয়ন কার্যক্রম, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্প এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। তিনি সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগের আহ্বান জানান।
সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং নৌপরিবহন খাতের উন্নয়নের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে সৌদি আরবের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়া এবং উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
