রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২:৪৫ পিএম আপডেট : ২৪ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন তিনি।

এর আগে সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস (এএমএনসি) সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই বৈশ্বিক আয়োজনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও গবেষকরা অংশ নেন।

এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১,৭০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ অনেকে।

বিশ্লেষকদের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার (২২ জুন) দালিয়ানে পৌঁছান। তার এই সফরকে কেন্দ্র করে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন