

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, সকলের সহযোগিতায় ঈদের ছুটিকালীন সময়ে রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদের জামাতস্থল, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সকল ইউনিট নিরলসভাবে কাজ করেছে।
তিনি বলেন, ডিএমপির বিশেষ অভিযানে গত ১ মে হতে ২ জুন পর্যন্ত অপারেশনাল ইউনিটসমূহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী/ডাকাত/সন্ত্রাসী ও ১ হাজার ২শ ১৫জন মাদক কারবারিসহ মোট ২,৮৪৪ জনকে গ্রেফতার করে। গত একমাসে ৭৪৪ কেজি গাঁজা, ১ লক্ষ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, ১২৮১ বোতল ফেন্সিডিল, ২৮ লিটার দেশি-বিদেশী মদ, ২৯ গ্রাম আইস, ৭৮ পিস ট্যাপেন্টাডল ও ২০ পিস নেশাজাতীয় ট্যাবলেট; ৬টি দেশি-বিদেশী পিস্তল, ২১ রাউন্ড গুলি/কার্তুজ,৪ টি ম্যাগাজিন, ১১টি ককটেল ও অন্যান্য দেশীয় অস্ত্র ১২টি উদ্ধার করেছে। অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জন গ্রেফতার করেছে। এছাড়া ৫২৩ টি মোবাইল ফোন, ২৯৩ টি সিমকার্ড, ৪ টি মাইক্রোবাস, ৬ টি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান, একটি বাস, ৯ টি সিএনজি ও ১৫ টি মোটরসাইকেল উদ্ধার করেছে।
ডিএমপি কমিশনার আরও জানান, ট্রাফিক বিভাগ মে ২০২৬ মাসে ব্যাপক তৎপরতা চালিয়ে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে AI ভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। মোট ৮ কোটি ৭১ লক্ষ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ আদালত কর্তৃক মে ২০২৬ মাসে সড়ক পরিবহন আইন সংক্রান্তে ৩৩৭ টি মামলা নিষ্পতি করা হয়েছে। যার মধ্যে ১ জনকে কারাদন্ডসহ অন্যদের ক্ষেত্রে সর্বমোট ৬ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মে ২০২৬ মাসে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ফৌজদারি ৫২০৯ টি ফৌজদারী মামলা নিষ্পত্তি করা হয়। যার মধ্যে ৫৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং সর্বমোট ২২ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া, রামিসা হত্যাকাণ্ডসহ রাজধানীতে হওয়া সাম্প্রতিক বেশ কয়েকটি আলোচিত ঘটনার বিষয়েও ডিএমপির তৎপরতা সম্পর্কে ব্রিফিংয়ে তুলে ধরেন মোসলেহ্ উদ্দিন আহমদ।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকসহ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।