

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রীর অভূতপূর্ব কর্মযজ্ঞে মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর বহুমুখী পদক্ষেপ গ্রহণ প্রধানমন্ত্রীর।
সোমবার (২৫ মে) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, দেশের এক ঐতিহাসিক মুহূর্তে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, জনগণের অবিস্মরণীয় ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব গ্রহণ করেছে। দীর্ঘ দুঃশাসনের পর, রক্তস্নাত জুলাই গণভ্যুত্থান এবং ১৬ বছরের ত্যাগ-সংগ্রামের গণতান্ত্রিক অভিযাত্রা পেরিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে, দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়েছে; মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এমন একটি দায়িত্বশীল সরকারের ভুমিকা পালন করতে চাই, যে সরকার দেশের জন্য কাজ করবে এবং জনগণের কাছে জবাবদিহি থাকবে। আর তাই দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ভোট প্রদানের কালি মোচনেরও অনেক আগে, সরকার গঠনের প্রথম দিন থেকেই, প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাতনির্ভর ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন, যার ফলে পুরো রাষ্ট্রকাঠামো একযোগে লক্ষ্য স্থির করে, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অনিঃশেষ কাজ করে যাচ্ছে। সরকারের অভূতপূর্ব এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনমানে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত উদ্যোগ ইতোমধ্যেই দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, ক্ষুদ্র কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে যা সরকারের প্রথম কেবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির এই পুনরুজ্জীবন শুধু প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য, মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ সংরক্ষণেই ভূমিকা রাখবে না; বরং জলাধার সৃষ্টি ও পানিপ্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায়িক বিকাশকে ত্বরান্বিত করবে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি, পানি ও পরিবেশ ব্যবস্থাপনায় সম্ভাবনা তৈরি করতে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান, মোঃ সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীন উপস্থিত ছিলেন।