সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশেও প্রচুর বিদেশি শিক্ষার্থী পড়তে আসবে: শিক্ষামন্ত্রী     

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০২:৪৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশেও বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আগ্রহ দেখাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

রোববার (১১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক উন্নত এবং সেখানকার শিক্ষা কার্যক্রম সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছেন।

মন্ত্রী আরও আশা প্রকাশ করেন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বাড়াবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর এসব শিক্ষার্থী দেশে ফিরে নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন দীর্ঘমেয়াদি কর্মসূচি হাতে নিয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক শিক্ষা অঙ্গনে আরও শক্ত অবস্থানে নেওয়ার চেষ্টা চলছে।

ছয় দিনব্যাপী এই শিক্ষা মেলায় বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শিক্ষা সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মেলায় বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও কৃষি শিক্ষা সংশ্লিষ্ট পাকিস্তানের ২১টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। শিক্ষা মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন