শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি চার দিনের সফরে পাবনা যাচ্ছেন আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৬ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
expand
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চার দিনের সরকারি সফরে আজ শনিবার নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটিই রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। তাঁর সফর ঘিরে এরই মধ্যে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসারের দেওয়া তথ্যানুযায়ী, রাষ্ট্রপতি শনিবার দুপুর ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর ২টায় পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন।

পরদিন রবিবার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্তানে রাষ্ট্রপতি তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে রাত্রি যাপন করবেন। আগামী সোমবার সকাল ১১টায় পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা জেলা শহরে নিজ বাসভবনে যাবেন তিনি। রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত্রি যাপন করবেন। আগামী মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এরপর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারে করে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন