সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত-রাস্তার দখল ছাড়তে বলল ডিএমপি, অভিযান শুরু ১ এপ্রিল 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম
expand
ফুটপাত-রাস্তার দখল ছাড়তে বলল ডিএমপি, অভিযান শুরু ১ এপ্রিল 

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ খালি করে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অন্যথায়, আগামী ১ এপ্রিল থেকে রাস্তা-ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি।

সোমবার (২৩ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ হুঁশিয়ারি দিয়েছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান সম্প্রসারণ করে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় পরিচালনা করা হয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন মালামাল ফুটপাত ও রাস্তায় রাখা হয়।

মোটরগাড়ির ওয়ার্কশপ বা পার্টসের দোকানগুলো প্রায়ই ফুটপাত ও রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামতের কাজ করে যে কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং সার্বিকভাবে নিরাপত্তা হুমকি ও যানজট তৈরি হয় বলে মনে করে ডিএমপি।

এ অবস্থায় মহানগরীর সব এলাকায় ফুটপাত বা রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারীদের দ্রুত দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আগামী ১ এপ্রিল থেকে অভিযান চালানো হবে উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, মালামাল বাজেয়াপ্তের মতো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন