বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসন

উপনির্বাচনে নির্বাচন প্রার্থীদের ব্যয়সীমা নির্ধারণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে দুই আসনের প্রার্থীদের জন্য সর্বোচ্চ ব্যয়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা হিসেবে ব্যয় নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী বগুড়া-৬ আসনের প্রার্থীরা সর্বোচ্চ প্রায় ৪৫ লাখ টাকা এবং শেরপুর-৩ আসনের প্রার্থীরা প্রায় ৪১ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।

ইসি সূত্রে জানা যায়, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এই হিসেবে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ লাখ ৪০ হাজার ৪৩০ টাকা।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। সে অনুযায়ী এ আসনে প্রার্থীদের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ৪১ লাখ ৩৩ হাজার ৭৭০ টাকা।

বগুড়া-৬ আসনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ আসন থেকে নির্বাচিত হন। তবে একইসঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকার সুযোগ না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে নতুন তফসিল ঘোষণা করে এ আসনের নির্বাচন আয়োজন করছে ইসি।

এদিকে, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল তালেব মো. সাইফুদ্দিন শেরপুর-৩ আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন