শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া, নিজামী ও মুজাহিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পিএম
জাতীয় সংসদ ভবন
expand
জাতীয় সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

শোকপ্রস্তাব উত্থাপনকালে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর আমরা হারিয়েছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয়। সংসদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

বাংলাদেশি নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সংসদ। এ তালিকায় রয়েছেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি ডা. এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরীসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়। তাদের জীবনবৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব সংসদে পাঠ করা হয়।

শোক প্রস্তাবের তালিকায় বিএনপির সালাহউদ্দিন কাদের চৌধুরী, এয়ার ভাইস মার্শাল একে খন্দকারসহ ৩১ জন সাংসদ, জুলাই যোদ্ধা আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শাহারিয়ার খান আনাস, মেহেদি হাসান জুয়েল, ফারহান ফাইয়াজসহ বিভিন্ন ক্ষেত্রের বরণ্যে নাগরিকদের নাম রয়েছে যা স্পিকার পড়ে শুনান।

পরে প্রধান হুইপ নুরুল ইসলাম মনি ও সংসদে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম শোক প্রস্তাবে সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সুবহান, এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানি খাতুন প্রমুখ নাম যুক্ত করার কথা বললে তা শোক প্রস্তাবে যুক্ত করা হয়।

শোক প্রস্তাবের প্রয়াত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন কর্মের ওপরে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতে ইসলামের এটিএম আজহারুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ।

পরে জুলাই শহীদের ওপর পৃথক আলোচনায় অংশ নেন বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও এনসিপির নাহিদ ইসলাম। পরে শোক প্রস্তাব সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

শোকপ্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সংসদে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এই শোকপ্রস্তাবের অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন