মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সভায় কাল স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত, সাড়া দেয়নি জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১০:১৩ এএম
সংসদ অধিবেশন চলাকালী ফাইল ছবি
expand
সংসদ অধিবেশন চলাকালী ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায়। এর আগে বুধবার সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বুধবার সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদীয় দলের প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়ে জল্পনা

নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন- এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় স্পিকার পদে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নামও আলোচনায় রয়েছে।

ডেপুটি স্পিকার পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর জন্য ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে জামায়াত এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রস্তাব করেনি। দলটি যদি কাউকে মনোনয়ন না দেয়, সেক্ষেত্রে বিএনপি নিজেদের দল থেকেই একজন সংসদ সদস্যকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনয়ন দিতে পারে বলে জানা গেছে। সম্ভাব্য নামের তালিকায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ও বরকত উল্লাহ বুলুর নাম আলোচনায় রয়েছে।

জামায়াতকে প্রস্তাব বিএনপির

গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীর জন্য প্রস্তাব করা হয়েছে। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়েই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে মৌখিকভাবে এবং সাক্ষাতে জামায়াতকে এ প্রস্তাব জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে একজন প্রার্থী নির্ধারণ করতে বলা হয়েছে।

অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ও সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই জাতীয় সনদের আলোকে বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন। তার মতে, সংসদে ডেপুটি স্পিকারের বিষয়ে যে সমঝোতার কথা বলা হয়েছে, তা বাস্তবায়নের প্রক্রিয়াও স্পষ্ট হওয়া দরকার।

এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদে সংসদে দুইজন ডেপুটি স্পিকারের কথা উল্লেখ আছে—একজন সরকারি দল থেকে এবং অন্যজন বিরোধী দল থেকে। তবে বিএনপি তাদের ৩১ দফা কর্মসূচির আলোকে বিরোধী দলকে অগ্রাধিকার দিয়ে ডেপুটি স্পিকার পদটি অফার করেছে।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন?

নতুন সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন—এ নিয়েও আলোচনা চলছে। সাধারণত নতুন সংসদের প্রথম বৈঠকে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন এবং তার অধীনেই স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। কিন্তু এবার স্পিকার পদ শূন্য এবং ডেপুটি স্পিকার কারাবন্দি থাকায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা হচ্ছে।

সূত্র বলছে, সংবিধানের বিকল্প বিধান অনুযায়ী অধিবেশনের শুরুতে অস্থায়ীভাবে সভাপতিত্ব করতে পারেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সংসদীয় দলের বৈঠকে এ বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সবকিছু ঠিক থাকলে প্রথমে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর তার সভাপতিত্বে সংসদে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে অধিবেশন সাময়িক মুলতবি করে রাষ্ট্রপতির কাছে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথগ্রহণের আয়োজন করা হবে। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হবে এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন।

সংবিধানের বিধান

সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের মধ্য থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন। আর স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদ শূন্য থাকলে রাষ্ট্রপতি একজন সংসদ সদস্যকে অস্থায়ীভাবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন