বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শবে বরাতে সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার রোধে র‍্যাবের সাইবার মনিটরিং সেল বিশেষ নজরদারি জোরদার করেছে। এছাড়াও জননিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও মোবাইল ফোর্স মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে মুসল্লিরা দেশব্যাপী ইবাদত বন্দেগি, সালাত ও জিকিরসহ নফল ইবাদতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত উদযাপন করে থাকেন।

তিনি আরও জানান, সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে উক্ত ধর্মীয় অনুষ্ঠানটি পালন নিশ্চিত করার জন্য র‌্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে পবিত্র শবে বরাতের নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব ফোর্সেস আগামী ৩-৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে।

ইন্তেখাব চৌধুরী বলেন, ঢাকাসহ সারাদেশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয়সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পবিত্র শবে বরাত উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, শবে বরাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্ম বিরোধী অপপ্রচার/গুজব রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি/স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা/অপপ্রচার রোধ করতে প্রস্তুত রয়েছে র‌্যাব।

পবিত্র শবে বরাত সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব ফোর্সেসসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও ঐ সময়ে যে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে র‌্যাবের সহযোগিতা পেতে র‌্যাবকে (কন্ট্রোল রুমের নাম্বার ০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের সব স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছে র‌্যাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X