বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন

শীর্ষ দশ কোটিপতির তালিকায় নেই জামায়াত জোটের কেউ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর ২০ দিন। এরমধ্যেই শেষ হয়েছে যাচাই-বাছাই। আজ থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এখনো চলছে হলফনামার বিশ্লেষণ। প্রার্থীদের হলফনামা যাচাই করে দেখা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে শীর্ষ দশ কোটিপতির সবাই বিএনপিপন্থী।

এ তালিকায় নেই জামায়াত-এনসিপি জোটের কোনো প্রার্থী। সর্বোচ্চ সম্পদশালী হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী মো. আমিনুল ইসলাম। তার সম্পদ ৬০০ কোটি টাকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সূত্র বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের সূত্রমতে, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮৬ জন। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক কোটিপতি প্রার্থী অংশগ্রহণ করছেন। ৮৯১ জন প্রার্থী এবার কোটিপতি হিসেবে নির্বাচন করবেন যা আগের যে কোন জাতীয় নির্বাচনের চেয়ে বেশি।

শীর্ষ কোটিপতির প্রথম ২০ জনের তালিকায় নেই জামায়াত জোটের কোনো প্রার্থী। তালিকার ২৩ নাম্বারে রয়েছেন জামায়াতের ঢাকা-৭ আসনের প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহ। তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১০৬ কোটি টাকার।

শীর্ষ দশ কোটিপতিদের মধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন ৭ জন প্রার্থী। বাকি ৩ প্রার্থী স্বতন্ত্র হলেও তারা বিএনপির বিদ্রোহী। এরমধ্যে একজন অবশ্য ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। শীর্ষ কোটিপতির তালিকায় দ্বিতীয় নামটি এস এ কে একরামুজ্জামানের। তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন। হলফনামায় ঘোষিত তার সম্পদের পরিমাণ ৪১৪ কোটি টাকা। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তালিকার তৃতীয়তে আছেন বিএনপির বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ। তার সম্পদের পরিমাণ ২৫০ কোটি টাকার।

চতুর্থ কুমিল্লা-৮ আসনের বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের সুমন। তার সম্পদের পরিমাণ ২৩২ কোটি টাকা। তালিকার পাঁচ নাম্বারে য়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু। তার হলফনামায় সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ২০০ কোটি টাকার। ১৬১ কোটি টাকার সম্পদ নিয়ে ছয়ে আছেন শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরণ। এরপরেই আছেন টাঙ্গাইল-৮ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন আলমগীর। তার সম্পদের পরিমাণ ১৬০ কোটি টাকার।

তালিকার ৮ নাম্বারে আছেন শরীয়তপুর-২ আসনের সফিকুর রহমানের স্ত্রী ফারহানা কাদির রহমান। তার সম্পদের পরিমাণ ১৫৯ কোটি টাকা। তালিকায় এরপরের দুটি নাম ঢাকার আসনের। তালিকার ৯ নাম্বারে থাকা ঢাকা-৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান যার সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ১১৭ কোটি টাকার এবং তালিকার দশ নাম্বারে থাকা ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যার সম্পদ ১১০ কোটি টাকার বলে উল্লেখ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন