মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স বাড়িয়ে দিতে পারে যে ৫ খাবার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:০২ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

ত্বক শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয়, এটি শরীরের সামগ্রিক সুস্থতারও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে স্বাভাবিক পরিবর্তন আসে। তবে বিশেষজ্ঞদের মতে, জীবনযাপন ও খাদ্যাভ্যাসের প্রভাবেও ত্বকে বয়সের ছাপ দ্রুত দেখা দিতে পারে।

কিছু খাবার নিয়মিত খেলে শরীরে প্রদাহ বাড়ে, কোলাজেনের ক্ষয় ত্বরান্বিত হয় এবং ত্বকের স্বাভাবিক স্থিতিস্থাপকতা কমে যায়। ফলে অল্প বয়সেই বলিরেখা, শুষ্কতা ও উজ্জ্বলতা হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে।

অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা

মিষ্টিজাতীয় খাবার, কেক, পেস্ট্রি, সাদা পাউরুটি কিংবা পরিশোধিত আটা দিয়ে তৈরি বিভিন্ন খাদ্য বেশি খেলে শরীরে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞদের ভাষ্য, অতিরিক্ত চিনি কোলাজেন ও ইলাস্টিনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে ত্বক ধীরে ধীরে তার দৃঢ়তা ও নমনীয়তা হারায়। নিয়মিত চিনি-সমৃদ্ধ কোমল পানীয় বা সিরাপযুক্ত পানীয় গ্রহণও একই ধরনের ঝুঁকি বাড়াতে পারে।

ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার

চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ, হটডগ বা অন্যান্য প্রক্রিয়াজাত খাবার শরীরে প্রদাহজনিত প্রতিক্রিয়া বাড়াতে পারে। একই সঙ্গে এসব খাবারে সাধারণত ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম থাকে।

ফলে দীর্ঘদিন এসব খাবার বেশি খেলে ত্বক শুষ্ক, প্রাণহীন ও ক্লান্ত দেখাতে পারে।

অতিরিক্ত অ্যালকোহল

বিভিন্ন গবেষণায় অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের সঙ্গে ত্বকের দ্রুত বার্ধক্যের সম্পর্ক পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত অ্যালকোহল শরীরকে পানিশূন্য করে তুলতে পারে, যার প্রভাব সরাসরি ত্বকে পড়ে।

এর ফলে চোখের নিচে ফোলাভাব, ত্বকের ঢিলাভাব এবং মুখের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

বেশি লবণযুক্ত খাবার

অতিরিক্ত লবণ শুধু হৃদ্‌রোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকিই বাড়ায় না, এটি ত্বকের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। বেশি লবণ শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে কোষের ক্ষতি ঘটাতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পিজ্জা, বার্গার, প্রক্রিয়াজাত মাংস, চিজ এবং বিভিন্ন প্যাকেটজাত খাবারে সাধারণত লবণের পরিমাণ বেশি থাকে। তাই এসব খাবার পরিমিত খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ট্রান্স ফ্যাটসমৃদ্ধ খাদ্য

কিছু প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এখনো ট্রান্স ফ্যাট পাওয়া যায়। খাদ্যের উপাদান তালিকায় ‘পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল’ লেখা থাকলে সেটি ট্রান্স ফ্যাটের উপস্থিতির ইঙ্গিত হতে পারে।

ট্রান্স ফ্যাট ত্বকের স্থিতিস্থাপকতা কমিয়ে দেয় এবং কোলাজেনের ক্ষয় বাড়াতে পারে। ফলে ত্বকে বয়সের ছাপ দ্রুত ফুটে উঠতে পারে।

ত্বক ভালো রাখতে কী খাবেন

বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাস ত্বকের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যতালিকায় চিনি ছাড়া গ্রিন টি, ওমেগা-৩ সমৃদ্ধ মাছ, অলিভ অয়েল, বিভিন্ন ধরনের বাদাম এবং ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখলে ত্বক উপকৃত হতে পারে। বিশেষ করে বেরিজাতীয় ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে।

ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য কোনো তাৎক্ষণিক সমাধান নেই। তবে প্রতিদিনের খাদ্যাভ্যাসে সচেতন পরিবর্তন আনলে দীর্ঘমেয়াদে ত্বককে সুস্থ, সতেজ ও প্রাণবন্ত রাখা সম্ভব।

সূত্র: হেলথ ডটকম

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন