রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি, মেনে চলুন এই স্বাস্থ্য টিপস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঈদ উৎসব মানেই আনন্দ, হাসি আর প্রিয়জনদের সঙ্গে মিলেমিশে খাওয়াদাওয়ার আয়োজন। এ সময় ইচ্ছা না থাকলেও অনেক সময় বেশি খেয়ে ফেলা হয়। ঘরে ঘরে তৈরি হয় গরু ও খাসির মাংসসহ নানা ধরনের সুস্বাদু খাবার।

তবে অতিরিক্ত খাওয়ার কারণে পেটে নানা ধরনের অস্বস্তি দেখা দিতে পারে, যেমন: গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালাপোড়া, ঢেকুর কিংবা বমি বমি ভাব।

ভালো খবর হলো, কিছু সহজ ঘরোয়া নিয়ম মেনে চললে এসব সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

খাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং পেটের অস্বস্তি কমে। একই সঙ্গে সারাদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি, কারণ এটি শরীর থেকে বর্জ্য বের করতে সহায়তা করে। ডাবের পানি ও ফলমূলও এ ক্ষেত্রে উপকারী।

জিরা পানি পেটের গ্যাস ও ফাঁপাভাব কমাতে সাহায্য করে। এজন্য পানিতে কিছু জিরা ফুটিয়ে সেই পানি ছেঁকে পান করা যেতে পারে।

মাংস বা ভারী খাবারের পর শসা খাওয়া ভালো অভ্যাস। এতে হজমে সহায়তা হয় এবং পেট হালকা থাকে। পেঁপে বা আপেলের মতো আঁশযুক্ত ফলও হজমে উপকারী।

আদা চিবিয়ে খেলে বা আদা-মধুর মিশ্রণ গ্রহণ করলে হজম প্রক্রিয়া উন্নত হয়। একইভাবে টক দই বা ঘোলও অন্ত্রের কার্যকারিতা বাড়িয়ে হজম সহজ করে।

ভারী খাবারের পরপরই শুয়ে না পড়ে কিছুক্ষণ হালকা হাঁটাহাঁটি করা উচিত। এতে হজম ভালো হয় এবং শরীর সক্রিয় থাকে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।

খাওয়ার পর কোল্ড ড্রিংকস বা কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলা ভালো। এসব পানীয় পেটে গ্যাসের পরিমাণ বাড়িয়ে অস্বস্তি সৃষ্টি করতে পারে।

সব মিলিয়ে, ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি খাবারের ক্ষেত্রে সচেতন থাকলে হজমজনিত সমস্যা এড়িয়ে উৎসবকে আরও স্বস্তিদায়ক করে তোলা সম্ভব।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন