মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পলককে ফোন করে ওবায়দুল কাদের  বলেছিলেন, ‘নেটটা একটু স্লো করে দাও’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম
ওবায়দুল কাদের ও জুনাইদ আহমেদ পলক
expand
ওবায়দুল কাদের ও জুনাইদ আহমেদ পলক

জুলাই গণ-অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় এ-সংক্রান্ত কল রেকর্ড উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ তথ্য জানা যায়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রকাশিত কল রেকর্ড অনুযায়ী, জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ফোনালাপে ওবায়দুল কাদেরকে ইন্টারনেট স্লো করে দিতে বলতে শোনা যায়।

রেকর্ডে পলক বলেন, ‘স্লামালাইকুম ভাই, পলক বলছি।’ তখন ওবায়দুল কাদের বলেন, ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’ পলক জবাব দেন, ‘জি, একটু নেত্রীর পারমিশনটা নিয়া নিই।’ তখন ওবায়দুল কাদের বলেন, ‘নিয়া নাও।’ এরপর পলকের উত্তর আসে, ‘জি, আচ্ছা।’

এর আগে গত ৪ আগস্ট এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এরপর গত ৬ আগস্ট দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

পলক-কাদেরের ফোনালাপের অনুলিপিটি হুবহু তুলে ধরা হলো-

জুনাইদ আহমেদ পলক: ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। পলক বলছি।

​ওবায়দুল কাদের: নেটটা একটু স্লো করে দাও।

​জুনাইদ আহমেদ পলক: জি।

​ওবায়দুল কাদের: ইন্টারনেট।

​জুনাইদ আহমেদ পলক: একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?

​ওবায়দুল কাদের: নিয়ে নাও।

​জুনাইদ আহমেদ পলক: আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে।

​ওবায়দুল কাদের: অনেকে আমাকে বলতেছে তো বিষয়গুলো...

​জুনাইদ আহমেদ পলক: হ্যাঁ, একটু... ওই যে... মানে... বলা আছে তো যে উনি না বললে... মানে...

​ওবায়দুল কাদের: না না, উনাকে জিজ্ঞেস করেই বলবা।

​জুনাইদ আহমেদ পলক: আচ্ছা, ঠিক আছে। জি। জি স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন