


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদফতর পাঁচ ক্যাটাগরির পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে বাংলাদেশের সব জেলার নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে। আগামী ১৬ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। সম্প্রতি বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বি
পদ ও শূন্যপদ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪২টি পদ রয়েছে। এর মধ্যে—
কম্পিউটার অপারেটর: ৬টি পদ। এর মধ্যে দুটি স্থায়ী ও চারটি অস্থায়ী। বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
উচ্চমান সহকারী: ৯টি পদ। এর মধ্যে একটি স্থায়ী ও আটটি অস্থায়ী। বেতন ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা (গ্রেড-১৪)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ। এর মধ্যে একটি স্থায়ী ও চারটি অস্থায়ী। বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস অথবা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২০টি পদ। সবগুলোই স্থায়ী। বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
হিসাব সহকারী কাম ক্যাশিয়ার: ২টি পদ। সবগুলোই স্থায়ী। বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স ও নাগরিকত্ব
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হলফনামা বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
চাকরির ধরন ও কর্মস্থল
এগুলো সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত। নিয়োগের ধরন পদভেদে স্থায়ী ও অস্থায়ী। বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব পদে কর্মস্থল নির্ধারণ করা হবে। পদগুলো গ্রেড-১৩ থেকে গ্রেড-১৬-এর মধ্যে।
আবেদন ও ফি
আবেদন করতে হবে বস্ত্র অধিদপ্তরের টেলিটক ওয়েবসাইটে। অনলাইনে আবেদন শুরু হবে ১৬ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন শেষ হবে ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায়। আবেদন ফি ১১২ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা। অনগ্রসর, প্রতিবন্ধী ও অন্যান্য বিশেষ যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে ফি ৫৬ টাকা—মূল ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা।
আবেদন ফরম পূরণের সময় শিক্ষাগত সনদের তথ্য, সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল ও ফলাফল, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ প্রস্তুত রাখতে হবে। রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ছবি ৩০০×৮০ পিক্সেল ও সর্বোচ্চ ৬০ কিলোবাইটের মধ্যে রাখতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা বা কম্পিউটার সনদের তথ্যও প্রয়োজন হবে।
আবেদনকারীদের প্রথমে dotr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে Application Form-এ ক্লিক করে পছন্দের পদ নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করে নির্ধারিত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে Submit করার পর Applicant’s Copy ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
এসএমএসে আবেদন ফি জমা
অনলাইনে আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। প্রথম এসএমএসে লিখতে হবে DOTR User ID এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: DOTR ABCDEF।
দ্বিতীয় এসএমএসে লিখতে হবে DOTR YES PIN এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: DOTR YES 12345678।
ফি জমা সফল হলে রিপ্লাই এসএমএসে User ID ও Password পাওয়া যাবে। পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোডের জন্য এগুলো সংরক্ষণ করতে হবে। নিজের টেলিটক সিম না থাকলেও অন্যের টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে ফি দেওয়া যাবে।
Password ভুলে গেলে DOTR HELP USER User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। User ID ভুলে গেলে DOTR HELP PIN PIN Number লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে।
আবেদনে সতর্কতা
আবেদনের সময় ছবি ও স্বাক্ষরের নির্ধারিত পিক্সেল ও ফাইলের আকার ঠিক রাখতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে আবেদন ফি জমা না দিলে আবেদন বাতিল হতে পারে। নাম ও জন্মতারিখ জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে দিতে হবে। আবেদন শেষে Applicant’s Copy প্রিন্ট করার পাশাপাশি মোবাইলে স্ক্রিনশট বা পিডিএফ সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।