বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে প্রথম সফল রোবোটিক সার্জারির সূচনা করল ইউনাইটেড হেলথকেয়ার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে রোবোটিক সার্জারি সম্পন্ন হয়েছে। খ্যাতনামা সার্জন অধ্যাপক ডা. রফিকুস সালেহীনের নেতৃত্বে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’ ব্যবহার করে ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর রোবোটিক কোলেসিস্টেকটমি করা হয়। অস্ত্রোপচারে রোগীর পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রচলিত পদ্ধতির তুলনায় রোবোটিক প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচার আরও দ্রুত ও নিখুঁতভাবে করা সম্ভব। রোবটের আর্ম ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, যা মানুষের হাতের স্বাভাবিক নড়াচড়ার তুলনায় অনেক বেশি। ফলে শরীরের সংকীর্ণ ও জটিল অংশেও চিকিৎসকরা অধিক নির্ভুলতার সঙ্গে অস্ত্রোপচার করতে পারেন।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, এই প্রযুক্তির মাধ্যমে রক্তনালি ও আশপাশের গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদ রাখা, কম কাটাছেঁড়া করা, রক্তক্ষরণ কমানো এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়।

তবে প্রচলিত অস্ত্রোপচারের তুলনায় রোবোটিক সার্জারি ব্যয়বহুল। এর খরচ প্রায় দুই থেকে তিন গুণ বেশি হতে পারে বলে জানান তিনি। তবে ভবিষ্যতে দেশে এই প্রযুক্তির ব্যবহার বাড়লে খরচ কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, রোবটটি বেশ কিছুদিন আগেই দেশে আনা হয়েছিল এবং কয়েকজন চিকিৎসক বিদেশে গিয়ে এর ব্যবহারের ওপর প্রশিক্ষণও নিয়েছেন। তবে গত ২৭ আগস্ট ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর দেশে প্রথমবারের মতো এই অস্ত্রোপচার করা সম্ভব হয়।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বর্তমানে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank