

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাজারে গেলে চোখ আটকে যায় নানা ধরনের চালের দিকে। কেউ পছন্দ করে চিকন, কেউ মোটা চাল। অনেকে আবার স্বাদ, দামের পার্থক্য বা অভ্যাস অনুযায়ী চাল বেছে নেন। তবে অনেকের প্রশ্নে একটি সাধারণ প্রশ্ন দেখা যায়, কোনটা বেশি স্বাস্থ্যকর?
পুষ্টিবিদ বলছেন, বিভিন্ন ধরনের চালের পুষ্টিগুণ আলাদা। উপকারিতা বুঝে চাল নির্বাচন করা জরুরি। ডায়াবেটিস, ওজন বৃদ্ধি বা হৃদ্রোগের ঝুঁকি বাড়ার সময় সঠিক চাল নির্বাচন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই নিয়মিত খাদ্যাভ্যাসে কোন ধরনের চাল রাখা উচিত, তা জানা জরুরি। এ বিষয়ে কথা বলেছেন ঢাকার এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী।
চলুন জেনে নেয়া যাক পুষ্টিগুণে এগিয়ে কোন চাল—
চালের বাইরের স্তরে আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি থাকে। কিন্তু চাল প্রক্রিয়াজাত করার সময় সেই বাইরের স্তর চলে যায়। ফলে অনেক পুষ্টি হারিয়ে যায়।
এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিটামিন বি, যেমন থায়ামিন, নায়াসিন এবং পাইরিডক্সিন। এছাড়া জিংক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাসের মতো খনিজও অনেকটাই কমে যায়। আঁশও হারিয়ে যায়। অর্থাৎ, চাল যত বেশি চিকন হবে, এতে পুষ্টির পরিমাণ তত কম থাকে। তাই মোটা চালের পুষ্টিগুণ বেশি।
আরও সুবিধা-অসুবিধা
মোটা চালে আঁশের পরিমাণ বেশি থাকে। তাই এই চালের ভাত কম পরিমাণে খেলেও পেট ভরে যায় এবং তৃপ্তি আসে। এছাড়া মোটা চাল ধীরে ধীরে হজম হয়। এই ভাত খেলে রক্তের শর্করা হঠাৎ বেড়ে যায় না, বরং ধীরে ধীরে বাড়ে। ফলে দেহ দীর্ঘ সময় শক্তি পায় এবং সহজে ক্ষুধা লাগে না।
চিকন চালের ক্ষেত্রে উল্টো হয়। আঁশ কম থাকায় এই ভাত দ্রুত হজম হয়। এই ভাত খেলে রক্তের শর্করা দ্রুত বেড়ে যায়। কিছু সময়ের মধ্যে সেই শর্করা কোষে ঢোকার প্রক্রিয়া শুরু হয়। এতে দেহে মেদ জমার প্রবণতা বাড়ে এবং ক্ষুধাও দ্রুত লাগে। ফলে ক্যালরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।
শেষ কথা
মোটা চালে পর্যাপ্ত আঁশ থাকায় ক্যালরি নিয়ন্ত্রণ সহজ হয়। ওজন নিয়ন্ত্রণ, রক্তের শর্করা নিয়ন্ত্রণ এবং রক্তের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য মোটা চালই উপযুক্ত।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি এবং যাদের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের জন্য মোটা চাল ভালো। সুস্থ ব্যক্তির দৈনন্দিন খাদ্যেও মোটা চাল বেছে নেয়াই উত্তম।
তবে যাদের হজমের সমস্যা বেশি, তাদের জন্য চিকন চাল ভালো। খাবার চিবানো বা গিলতে সমস্যা হলে চিকন চাল সুবিধাজনক।
এছাড়া হজমে সাময়িক সমস্যা হলে অল্প কিছুদিনের জন্য চিকন চালের ভাত খাওয়ার পরামর্শ দেয়া হয়।
মন্তব্য করুন
