বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্যগ্রহণের আলো যেভাবে স্মার্টফোনের ক্ষতি করে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম
সূর্যগ্রহণ
expand
সূর্যগ্রহণ

সূর্যগ্রহণের বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে বড় ধরনের আর্থিক ও যন্ত্রাংশের ক্ষতির মুখে পড়তে পারেন স্মার্টফোন ও ফটোগ্রাফিপ্রেমীরা। বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত সুরক্ষা ছাড়া ক্যামেরার লেন্স সরাসরি সূর্যের দিকে তাক করলে তীব্র আলোর প্রভাবে যন্ত্রের ‘ইমেজ সেন্সর’ স্থায়ীভাবে পুড়ে যেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, গ্রহণের সময় চাঁদ সূর্যকে আংশিক ঢেকে রাখলেও বাকি অংশের আলো সেন্সরের ফোটোডায়োড ক্ষতিগ্রস্ত করে স্থায়ী ‘ডেড পিক্সেল’ তৈরি করে, যা পরবর্তীতে আর মেরামত করা সম্ভব হয় না।

১২ আগস্ট ইউরোপের আকাশে ঘটা বিরল সূর্যগ্রহণ ঘিরে ছবি তোলার দারুণ উৎসাহ দেখা গেলেও বিশেষজ্ঞরা খালি চোখে বা লেন্সে ছবি তুলতে কঠোরভাবে নিষেধ করেছেন।

এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে সূর্যগ্রহণের সময় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'ও একইভাবে সতর্ক করেছিল। নাসা স্পষ্ট জানিয়েছিল, স্মার্টফোন কিংবা প্রফেশনাল ক্যামেরা- সব ধরণের ইমেজ সেন্সরই সূর্যের প্রখর আলোতে চিরতরে নষ্ট হতে পারে।

আংশিক বা বলয়গ্রাস সূর্যগ্রহণের ছবি তুলতে অবশ্যই ক্যামেরার জন্য নির্ধারিত বিশেষ 'সৌর ফিল্টার' (Solar Filter) ব্যবহার করতে হবে। অনেকে চোখের জন্য ব্যবহৃত সাধারণ এক্লিপস গ্লাস ক্যামেরার লেন্সের সামনে ধরে ছবি তোলার চেষ্টা করেন, যা একদমই নিরাপদ নয়।

একইভাবে, চোখে সৌর চশমা পরে থাকলেও ফিল্টার ছাড়া ক্যামেরা, বাইনোকুলার বা টেলিস্কোপের ভিউফাইন্ডার দিয়ে সূর্যের দিকে তাকানো চোখের জন্যও চরম বিপজ্জনক।

তবে পূর্ণ সূর্যগ্রহণের ঠিক যে সময়টিতে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে, কেবল সেই অল্প সময়টুকুতেই ফিল্টার ছাড়া খালি চোখে বা ক্যামেরায় গ্রহণ দেখা নিরাপদ।

আইসল্যান্ড এবং স্পেনের কিছু নির্দিষ্ট এলাকা দিয়ে যাওয়া এই গ্রহণের পথটি শতবছরের মধ্যে স্পেনের প্রথম পূর্ণ সূর্যগ্রহণ এবং চলতি শতাব্দীতে যুক্তরাজ্যের আকাশে দৃশ্যমান সবচেয়ে বড় আংশিক গ্রহণ হিসেবে পরিচিতি পেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন