শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:৪৭ পিএম আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:৫৭ পিএম
অন্বেষা রায় মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত
expand
অন্বেষা রায় মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

মাতৃত্বের স্বপ্ন চোখে নিয়েই শুটিং ফ্লোরে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। কিন্তু ক্যামেরা চলতে চলতেই হঠাৎ ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা। শটের মাঝেই তীব্র অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, অন্তঃসত্ত্বা ছিলেন অন্বেষা। কিন্তু শেষ পর্যন্ত গর্ভপাত হয়ে যায় তার।

ধারাবাহিক 'কম্পাস'-এ অন্বেষা, ছবি: ফেসবুকটালিউডের জনপ্রিয় ধারাবাহিক কম্পাস-এর শুটিং চলাকালীন এই মর্মান্তিক ঘটনার মুখোমুখি হন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের তৎপরতায় নিজে প্রাণে বেঁচে গেলেও হারাতে হয়েছে অনাগত সন্তানকে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অন্বেষা জানান, এই গর্ভধারণ পুরোপুরি অপরিকল্পিত ছিল। প্রথম দিকে তিনি বুঝতেই পারেননি যে তিনি অন্তঃসত্ত্বা। প্রায় দুই মাসের গর্ভবতী ছিলেন তিনি। অভিনেত্রীর ভাষায়, “হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। শট দেওয়ার সময়ই গর্ভপাত হয়ে যায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে আমার প্রাণহানিও হতে পারতো। চিকিৎসকরা বাচ্চাটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষরক্ষা হয়নি।”

ঘটনার পর দ্রুত শুটিং বন্ধ করে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয় অন্বেষার। এই কঠিন সময়ে তার পাশে ছিলেন স্বামী এবং শুটিং ইউনিটের সদস্যরা। তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী।

ছবি: ইনস্টাগ্রাম।হাসপাতালের বেড থেকেই সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন অন্বেষা। সেখানে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “প্রায় মা হয়েই গিয়েছিলাম…জীবন আর কতটা কঠিন হতে পারে?” মাতৃ দিবসের ঠিক আগে এমন ঘটনা তাকে ভীষণভাবে ভেঙে দিয়েছে বলেও জানান তিনি।

এর আগেও ব্যক্তিগত জীবনে বড় ট্র্যাজেডির মুখোমুখি হয়েছেন অন্বেষা। বিয়ের কিছুদিনের মধ্যেই হারিয়েছিলেন প্রথম স্বামীকে। সেই শোক কাটিয়ে নতুন করে আবার জীবন শুরু করেছিলেন তিনি। পরে অভিনয় জগতে নিজের অবস্থানও শক্ত করে তোলেন। সোহাগ চাঁদ ধারাবাহিক দিয়ে দর্শকের নজরে আসেন তিনি।

ছবি: সংগ্রহীত

বর্তমানে ‘কম্পাস’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অন্বেষা। এই আকস্মিক ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো টালিউড অঙ্গনে। ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন