

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস তার অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বহু আগেই। তবে পর্দার বাইরের শৈশব ও স্কুলজীবনের অপু ছিলেন একেবারেই আলাদা স্বভাবের; এমনটাই জানালেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ছোটবেলার নানা স্মৃতি, স্কুলজীবন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী।
অপু বিশ্বাস বলেন, ছোটবেলায় তার আচরণ অনেকটাই ‘ছেলেদের মতো’ ছিল বলে পরিবার ও আশপাশের অনেকেই তাকে নিয়ে ভুল ধারণায় পড়তেন। তিনি হাসতে হাসতে জানান, তার নামের কারণে অনেকে ভাবতেন তিনি পরিবারের ছোট ছেলে।
তিনি বলেন, ‘ছোটবেলায় আমি নিজেকে যেন একটু ছেলেদের মতোই ভাবতাম। আমার নাম অপু হওয়ায় অনেকেই, যারা আমাকে চিনতেন না, তারা ভাবতেন আমি ছেলে। এমনকি বাবাকেও অনেকে বলতেন—আপনার ছোট ছেলে কেমন আছে? বাবা এটা নিয়ে মজাও করতেন। আসলে আমি বেশ ডানপিটে ছিলাম, একদমই নরম স্বভাবের ছিলাম না।’
স্কুলজীবনের কথাও উঠে আসে তার আলোচনায়। অপু জানান, পড়াশোনার পাশাপাশি স্কুলের নানা আয়োজন ও কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন। শিক্ষকদের প্রয়োজনীয় কাজেও তাকে প্রায়ই ডাকা হতো বলে স্মৃতিচারণ করেন তিনি।
তিনি বলেন, ‘স্কুলে কোনো প্রোগ্রাম বা পরিকল্পনা থাকলে প্রায়ই আমাকে ডাকা হতো। আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম, পড়াশোনাতেও মোটামুটি ভালোই ছিলাম।’
স্কুলে প্রেমের প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, সরাসরি কেউ সাহস করে কিছু বলত না, বরং বন্ধুদের মাধ্যমে বার্তা পাঠাত অনেকে।
অপু বিশ্বাস বলেন, ‘অনেকেই আমাকে পছন্দ করত, কিন্তু সরাসরি বলার সাহস পেত না। আমার বান্ধবীদের মাধ্যমে জানাতো। চিঠিও দিত। তখন বন্ধুদের অবস্থা হতো—এটা নেব কি না, বন্ধুত্ব নষ্ট হবে কি না!’
স্কুলজীবনে কারো সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘ঐ জায়গা থেকে আমার কখনো প্রেম হয়নি। পছন্দ অনেকে হয়তো করতেন, সেটা পরবর্তী সময়ে শুনতাম বা জানতাম।’
