বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষে ভোট চাইলেন রিনা খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

একসময়ে সিনেমায় খল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী রিনা খান। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি। সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিতে দেখা যায় তাকে।

রিনা খান জানান, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে নানান প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।

গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান সাংবাদিকদের বলেন, তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নিজেকেও নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, তিনি দল থেকে একটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপিপন্থি সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিন ধানের শীষের পক্ষে প্রচারণায় রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X