বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
মাইনুল আহসান নোবেল ও আশিকুজ্জামান টুলু
expand

বাংলা সংগীত অঙ্গনে মাইনুল আহসান নোবেলের আবির্ভাব ঘটেছিল ধূমকেতুর মতো। কলকাতার ‘সারেগামাপা’র মঞ্চ মাতানো, সৃজিত মুখার্জির সিনেমার গান কিংবা দেশজুড়ে কনসার্টের উন্মাদনা- সব মিলিয়ে তার ক্যারিয়ারের শুরুটা ছিল ঈর্ষণীয় এবং স্বপ্নিল। মনে হচ্ছিল, বাংলা গানের আকাশ এক নতুন প্রতিভার দেখা পেয়েছে, যার দীপ্তিতে সমৃদ্ধ হবে আগামী দিনের সংগীতাঙ্গন।

কিন্তু সেই আকাশচুম্বী সম্ভাবনা স্থায়িত্ব পেল না বেশি দিন। বিশৃঙ্খল জীবনধারা, একের পর এক বিতর্ক এবং আইনি জটিলতা- সব মিলিয়ে নোবেলের গল্পটা দ্রুতই এক রূপকথার দুঃস্বপ্নে পরিণত হয়। যে কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকত লাখো শ্রোতা, সেই প্রতিভা আর মেধা নিজস্ব অনিয়মের বেড়াজালে বন্দী হয়ে পথ হারিয়ে ফেলে।

এই পতন কেবল একজন শিল্পীর ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং সামগ্রিক অর্থে বাংলা গানের জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যান্ডতারকা আশিকুজ্জামান টুলু সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিক এই আক্ষেপটাই নতুন করে সামনে এনেছেন।

নোবেলের গাওয়া ‘অভিনয়’ কিংবা ‘কী আগুন জ্বলছে বুকে’ গানগুলোর অনন্য গায়কী ও সুরের মোহের কথা স্মরণ করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক বার্তায় টুলু লেখেন, ‘নোবেলের জন্য খুব খারাপ লাগে একটা কথা ভেবে, কী অদ্ভুত প্রতিভা সম্পূর্ণ নিজের ইচ্ছায় একেবারে ধূলিসাৎ করে দিলো। এত সুন্দর তার গাওয়া ছিল, আহা!’

বছর পাঁচেক আগে প্রকাশিত হয়েছিল নোবেলের গান ‘অভিনয়’। বিপুল জনপ্রিয়তা পেয়েছে গানটি। সে গানের সূত্র ধরে টুলু লেখেন, “কী আগুন জ্বলছে বুকে’ গানটা শুনলাম, ওর এক্সপ্রেশন, গায়কী, স্কিল, টোন সবকিছু একেবারে পাগল করে দেওয়ার মতো। ও যদি সিরিয়াস থাকত, এক্সট্রিমলি ভালো করত, অন্য লেভেলে চলে যেতে পারত। এভাবে নষ্ট হয়ে যেতে দেখলে খুব খারাপ লাগে।’’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank