

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহের অকালপ্রয়াণের তিন দশক পেরিয়ে গেলেও ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে তার আবেদন আজও অমলিন। ৩০তম প্রয়াণদিবসে এই স্বপ্নের নায়ককে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তার সবচেয়ে জনপ্রিয় পর্দা-সঙ্গিনী ও অভিনেত্রী শাবনূর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাবনূর প্রয়াত এই নায়কের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান। এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’
শাবনূর আরও লিখেছেন, ‘তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।’
সালমানের আত্মার শান্তি কামনা করে লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৭ বছর বয়সে নাফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। শাবনূরের সঙ্গে তার কালজয়ী জুটি আজও ঢালিউডের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে। সময়ের ব্যবধান যতই বাড়ুক, দর্শকের ভালোবাসায় সালমান শাহ চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন।


