

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সম্প্রতি আলোচিত ও ভাইরাল হওয়া বিভিন্ন ঘটনা এবং চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ এবং তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তাকে।
নাটকটিতে দেখা যাবে, এক হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মামুনুর রশীদের চরিত্রটি। একপর্যায়ে পরিবারের অমতে মেয়েটি বাড়ি ছেড়ে তার কাছে চলে আসে। এরপর তারা দুজন মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কনটেন্ট বানানো শুরু করে।
তাদের এসব কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ যেমন কৌতূহলী হয়, তেমনি একপর্যায়ে চরম বিরক্তও হয়ে ওঠে। সম্প্রতি সুইমিংপুলে মামুনুর রশীদ ও প্রিসিলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা নেতিবাচক চর্চা শুরু হয়।
এ বিষয়ে পরিচালক জানান, ছবিটি মূলত তাদের নাটকেরই একটি দৃশ্যের অংশ, যা না জেনেই অনেকে মন্তব্য করছিলেন।
পরিচালক সাজিন আহমেদ বাবু জানান, সমাজের আলোচিত-সমালোচিত নানা ভাইরাল চরিত্র নিয়ে হাস্যরসের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতেই এই নাটকটি বানানো হয়েছে।
অন্যদিকে অভিনেতা মামুনুর রশীদ বলেন, “অনেক দিন পর এমন একটি ভিন্ন ধাঁচের গল্পে কাজ করলাম। চারপাশের চেনা বিষয়গুলোকেই নির্মাতা চমৎকারভাবে তুলে ধরেছেন। আশা করছি, বিনোদনের পাশাপাশি দর্শকেরা গল্পটি উপভোগ করবেন।”
ধারাবাহিকটিতে মামুনুর রশীদ ও প্রিসিলা ছাড়া আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন-
আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন ও নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, মারুফ মিঠু, পারভেজ সুমন ও সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহানসহ আরও অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।


