

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক অমিত হাসান দীর্ঘদিন পর সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পা রেখেছেন। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে তিনি যেমন নায়ক হিসেবে রুপালি পর্দা কাঁপিয়েছেন, তেমনি পরবর্তী সময়ে বৈচিত্র্যময় চরিত্রেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের কারণে আগের মতো নিয়মিত তাকে পর্দায় দেখা যায় না। তবে হুট করেই এফডিসিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন এই বর্ষীয়ান অভিনেতা, কথা বলেন নিজের জীবনদর্শন ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অমিত হাসান অত্যন্ত স্পষ্টভাবে বলেন, ‘ধর্মটা নিজের কাছে। আমি চলচ্চিত্রে অভিনয় করছি দেখে ধর্ম করব না, আবার ধর্ম করব দেখে চলচ্চিত্রও ছেড়ে দেব বিষয়টা এমন নয়। হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে ব্যাপারটা। যার যার ব্যক্তিগত চিন্তা থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ধর্ম-কর্ম আমার কাছে।’
নিজের কাজের প্রতি অগাধ শ্রদ্ধা প্রকাশ করে অমিত বলেন, ‘এফডিসি বা অভিনয় হচ্ছে আমার কর্ম। আজকে মানুষ আমাকে অমিত হাসান হিসেবে চেনে আমার কাজের কারণে। এই কাজের মাধ্যমেই আমি মানুষের ভালোবাসা পেয়েছি। আমার পরিবারও এই পেশার মাধ্যমে চলেছে।’
অমিত মনে করেন, ধর্ম ও কর্ম দুটি ভিন্ন সত্তা হলেও একই সঙ্গে সুন্দরভাবে বজায় রাখা সম্ভব। কাজ এবং আধ্যাত্মিক জীবনে তিনি কতটুকু সফল হতে পেরেছেন, সেই বিচার মানুষের হাতে না ছেড়ে পুরোপুরি মহান সৃষ্টিকর্তার ওপরই সোপর্দ করেছেন এই অভিনেতা।


