

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের সরে দাঁড়ানো কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ গড়াচ্ছে আদালতে। প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির দাবি করা ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের বিপরীতে ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কোনো মধ্যস্থতা মানতে নারাজ রণবীর। তিনি মনে করেন, নিজেদের মধ্যে সমঝোতা না হলে এই আইনি লড়াইয়ের একমাত্র সমাধান হতে পারে আদালত।
গত ১৮ আগস্ট ইম্পার সঙ্গে এক বৈঠকে বসেন রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি। এরপরই রণবীরের আইনি দল ইম্পাকে একটি চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে।
চিঠিতে প্রযোজকদের বিপুল অঙ্কের ক্ষতিপূরণের দাবি একবাক্যে নাকচ করা হয়। একই সঙ্গে দুই পক্ষের এই ব্যক্তিগত আইনি বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক একচ্ছত্র ক্ষমতা কতটুকু, তা নিয়েও প্রশ্ন তোলেন রণবীরের আইনজীবীরা।
রণবীরের আইনজীবীদের মূল যুক্তি হলো, এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার কেবল একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল, যা কোনো চূড়ান্ত বা বাঁধাধরা চুক্তি নয়।
চুক্তিই যেখানে চূড়ান্ত রূপ পায়নি, সেখানে এই অভিযোগের কোনো ভিত্তি থাকে না বলে দাবি তাদের। আইনজীবীদের স্পষ্ট বার্তা- ইম্পার উচিত অভিযোগটি খারিজ করা, নতুবা বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়াই যুক্তিসঙ্গত।
বিরোধের নেপথ্য কারণ
২০২৩ সালে বেশ জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। তবে চিত্রনাট্যে পছন্দ না হওয়া এবং সৃজনশীল মতপার্থক্যের কারণে শুটিং শুরু হওয়ার শেষ মুহূর্তে প্রজেক্টটি থেকে নাম প্রত্যাহার করে নেন রণবীর।
তার এই আকস্মিক সিদ্ধান্তে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ার দাবি তুলে ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে প্রযোজক সমিতির শরণাপন্ন হন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।


