বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সরকারকে ধন্যবাদ জানালেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম
আতিফ আসলাম
expand
আতিফ আসলাম

ভারতে নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির শ্রোতাদের ভালোবাসায় বিন্দুমাত্র ভাটা পড়েনি বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। প্রায় এক দশক ধরে ভারতে নতুন কোনো কাজ করার সুযোগ না পেলেও ভারতীয় ভক্তরা ভিপিএন ব্যবহার করে এবং সিডি বানিয়ে তার গান শুনছেন ও ছড়িয়ে দিচ্ছেন।

ইউটিউব অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান উইথ ক্রিস ফেড’-এ কথা বলার সময় শিল্পীর প্রতি শ্রোতাদের এই আত্মিক টানের কথা তুলে ধরেন তিনি। তবে পাইরেসিকে সমর্থন না করলেও আতিফ বিশ্বাস করেন, গান শেষ পর্যন্ত শ্রোতার হৃদয়ে পৌঁছানোর পথ খুঁজে নেয়।

রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞাকে কেবল নেতিবাচক দৃষ্টিতে দেখছেন না আতিফ। উল্টো এর পেছনে একটি ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি। আতিফের মতে, ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে ব্যস্ততা না থাকলে তিনি হয়তো নিজের মৌলিক সংগীতে অতটা মনোযোগী হতে পারতেন না।

এই বাধাই তাকে সংগীতে নতুন করে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। তাই কোনো আক্ষেপ না রেখে, তিনি যাঁদের কারণে ভারতে কাজ বন্ধ হয়েছে তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভারতীয় ভক্তদের হতাশ না হয়ে সঙ্গে থাকার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, বলিউডে পা রাখার আগেই ‘জাল’ ব্যান্ডের ‘আদাত’ গানের মাধ্যমে দুই দেশেই তুমুল পরিচিতি পান আতিফ। পরবর্তীতে কল্যাণ, জহর, রেস, আজব প্রেম কি গজব কাহানি এবং টাইগার জিন্দা হ্যায়-এর মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে গান গেয়ে তিনি কোটি শ্রোতার মন জয় করেন।

তবে ২০১৬ সালের উরি হামলা এবং পরবর্তী সময়গুলোর রাজনৈতিক টানাপোড়েনের কারণে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান থমকে যায়, যার প্রভাবে দুই দেশের শিল্পীদের একে অপরের দেশে কাজ করার পথ রুদ্ধ হয়ে পড়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন