

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাগজ-কলমে ঢাকা-২ ও ৩ আসনে ১৩ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে লড়াইয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী।
জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, গণফোরাম, বাসদ ও গণসংহতি আন্দোলনসহ স্বতন্ত্র প্রার্থী থাকলেও তাদের তেমন কোনো দৃশ্যমান প্রচারণা নেই।
কেরানীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও বাস্তা এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার চোখে পড়লেও জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন কিংবা অন্যান্য প্রার্থীদের কোনো ব্যানার-ফেস্টুন বা মিছিল দেখা যাচ্ছে না।
কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা পশ্চিমপাড়ার ভোটার মারুফা আক্তার বলেন, লাঙ্গল, ডাব, মই বা ফুটবল কোনো প্রতীকেরই ব্যানার নেই এলাকায়। প্রার্থীকেও চোখে পড়ছে না।
জিনজিরা এলাকার ভোটার ফারুক, মামুন মিয়া ও রশিদ খান বলেন, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বা স্বতন্ত্ররা কি আদৌ নির্বাচন করছে? তাদের তো দেখছি না মাঠে। এই নির্বাচনের মাধ্যমেই কয়েকটি দল নিশ্চিহ্ন হয়ে যাবে।
তবে মাঠে না থাকার অভিযোগ মানতে নারাজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
ঢাকা-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুক বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীরা ছোট ছোট সমাবেশ করছে। পোস্টার, ব্যানার ছাপানো হয়েছে। কিন্তু মানুষের মনে সন্দেহ ভোট হবে কি না।
ঢাকা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জহিরুল ইসলাম বলেন, রাতে ব্যানার লাগাই, সকালে আর পাওয়া যায় না। গণসংযোগে গেলে বাধা দেওয়া হয়। অনেকে বলছে-ভোট আপনাকেই দেব, কিন্তু প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছে।
ঢাকা–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সুলতান আহমদ খান বলেন, আমরা উঠান বৈঠক ও গণসংযোগ করছি। ভোট যদি সুষ্ঠু হয়, আমরা বড় ব্যবধানে বিজয়ী হব।
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম বলেন, সব বৈধ প্রার্থীর জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে। কোথাও বাধা থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ভোট হবে।
উল্লেখ, ঢাকা-২ আসনে প্রার্থী তিনজন- বিএনপির আমান উল্লাহ আমান, জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক ও ইসলামী আন্দোলনের জহিরুল ইসলাম।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে আমান উল্লাহ আমানের জয়ের সম্ভাবনাই বেশি।
এদিকে ঢাকা-৩ আসনে ১০ জন প্রার্থী থাকলেও ভোটের মূল লড়াই হচ্ছে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ও জামায়াতের মো. শাহীনুর ইসলামের মধ্যে। অন্য প্রার্থীরা থাকলেও মাঠে তাদের তেমন উপস্থিতি নেই।
মন্তব্য করুন
