শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধ পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে দেশজুড়ে সমালোচনার পর কলেজটির সাত শিক্ষককে একযোগে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তাদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে কক্সবাজার, নোয়াখালী, সিলেট, বরগুনাসহ বিভিন্ন জেলার সরকারি কলেজে। কলেজটির ইতিহাসে একসঙ্গে এতজন শিক্ষক বদলির ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন বিকেল থেকেই তাদের তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

বদলিকৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ; হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন।

কলেজ সূত্রে জানা যায়, গত ১০ মে কলেজটির অধ্যক্ষ মনিরুল ইসলামকে বদলি করা হয়। নতুন করে বদলি হওয়া সাত শিক্ষকের মধ্যে উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম ও ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারের সন্তান এবার এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় বিধি অনুযায়ী তাঁরা পরীক্ষা ব্যবস্থাপনা কমিটিতে ছিলেন না। তবে বাকি পাঁচ শিক্ষক সরাসরি কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিলেন।

বদলিকৃত একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, জলাবদ্ধতার জন্য শুধু শিক্ষকদের দায়ী করা অন্যায্য। কুমিল্লা শহরে দুই থেকে তিন ঘণ্টার ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরীক্ষার দিন পরীক্ষা চলবে কি না, সে সিদ্ধান্ত শিক্ষা বোর্ড ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতেই নেওয়া হয়েছিল। কেন্দ্র পরিচালনায় দায়িত্বে থাকা শিক্ষকরা এককভাবে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারেন না। পরীক্ষা শেষ হওয়ার আগেই একসঙ্গে সাতজন জ্যেষ্ঠ শিক্ষককে বদলি করাকে তাঁরা ‘অমানবিক’ ও ‘হয়রানিমূলক’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।

এ বিষয়ে নতুন অধ্যক্ষ মোসাম্মৎ আমেনা বেগম বলেন, তিনি বুধবার কলেজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বদলির আদেশের বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করলেও ভবিষ্যতে যাতে পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বদলির আদেশে কোথাও পরীক্ষা কেন্দ্রের অব্যবস্থাপনার বিষয়টি উল্লেখ নেই। এ ধরনের বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশও হতে পারে। তাই এ বদলির সঙ্গে জলাবদ্ধতার ঘটনার সরাসরি সম্পর্ক আছে কি না, তা তিনি বলতে পারেন না।

উল্লেখ্য, গত ১৩ জুলাই টানা বৃষ্টিতে কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতার মধ্যে নৌকা, ভ্যান ও হেঁটে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর দৃশ্য দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। কুমিল্লা সিটি করপোরেশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবকেরা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেন। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে পরীক্ষার্থীদের দাবির মুখে কেন্দ্রটি পরিবর্তন করে নগরীর ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন