বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেই জুলাইযোদ্ধা ফাইয়াজের বড় ভাই হলেন জাকসুর জিএস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
expand
সেই জুলাইযোদ্ধা ফাইয়াজের বড় ভাই হলেন জাকসুর জিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম ফাহিম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

মাজহারুলের নাম প্রথম আলোচনায় আসে জুলাই আন্দোলনের সময়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তার ছোট ভাই, ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে তুলে নেয়। পরে ফাইয়াজকে হাত বেঁধে আদালতে তোলার ছবি দেশজুড়ে আলোচনার ঝড় তোলে এবং জাতিসংঘ পর্যন্ত এ নিয়ে উদ্বেগ জানায়।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারের বাসিন্দা মাজহারুল স্থানীয় ইসলামী ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম মঞ্জুর বড় ছেলে। এসএসসি নোয়াখালী জেলা স্কুল ও এইচএসসি সরকারি বিজ্ঞান কলেজ থেকে পাস করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

জুলাই আন্দোলনে ফাহিমের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তার বাবা বলেন, 'আমার ছেলের অবস্থান জানতেই ছোট ছেলেকে পুলিশ তুলে নেয় এবং নির্যাতন চালায়। সেই সময় দেশজুড়ে ক্ষোভ দেখা দিয়েছিল, আর ফাইয়াজ পরিচিত হয় কিশোর জুলাইযোদ্ধা হিসেবে।'

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, 'যেদিন শিক্ষার্থীরা স্বীকৃতি দেবে যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি, সেদিনই আমরা বলতে পারব, আমরা সত্যিকারের বিজয় অর্জন করেছি।'

এ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই মাজহারুলের মতো সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank