শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী আনুপাতিক হারে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০২৬-২৭ অর্থবছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অনুকূলে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব (পরিচালন) বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ও বিভাগের সংখ্যার আনুপাতিক হিসেবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। সে হিসাবে ২০২৬-২৭ অর্থবছরে প্রতি শিক্ষার্থীর বিপরীতে গড়ে প্রায় ২ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

ইউজিসি সূত্রে জানা যায়, আগামী অর্থবছরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মোট ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং ৪৩টি উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ বেড়ে ২২৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। এছাড়া বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২৩৮ কোটি টাকা।

নতুন অর্থবছরের এ বাজেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসনিক কার্যক্রম, গবেষণা ও সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন