শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির দুই উপ-উপাচার্য পদে নতুন নিয়োগ 

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) ও উপ-উপাচার্য (শিক্ষা) পদে নতুন করে দুই অধ্যাপককে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

শনিবার (৬ জুন) প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-কে উপ-উপাচার্য (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম-কে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে হবে, ততদিন পর্যন্ত তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তারা। একই সঙ্গে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার শর্তও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উপ-উপাচার্য(প্রশাসন) পদে নিয়োগ পেয়ে অনুভূতি প্রকাশ করতে যেতে অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এত বড় দায়িত্ব পেয়ে। বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও শিক্ষার্থীদের যেকোনো স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো। অপরদিকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়ে অনুভূতি প্রকাশ করে যেয়ে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর নিকট এবং ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়কে।

নতুন দুই উপ-উপাচার্যের নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন