সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি 

জবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১০:১৫ পিএম
জবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি 
expand
জবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (১ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শ ও চিন্তাধারা আজও তরুণদের দেশপ্রেম, দায়িত্ববোধ এবং জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো উদ্যোগ সেই চেতনারই প্রতিফলন।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা তৈরিতে আমরা নিয়মিত এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখব।”

যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে অংশ নিতে চায়। একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।”

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন